নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ শুক্রবার দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাসিন্দারা ঘর-বাড়ি ও অফিস ছেড়ে আতঙ্কে হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৩.৭ ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। যার উপকেন্দ্র হরিয়ানার ঝাজ্জর।

তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের দশ কিলোমিটার গভীরে ছিল। যার অবস্থান অক্ষাংশ ২৮.৬৮° উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৬.৭২° পূর্ব। এই ভূকম্পনের ফলে বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও এখনো অবধি ক্ষয়-ক্ষতির তেমন কোনো খবর পাওয়া জানা যায়নি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারও হরিয়ানা কেঁপে ওঠে। যার জেরে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনের মাত্রা ৪.৪ ছিল। আর এপিসেন্টার সেই ঝাজ্জর। উল্লেখ্য, দিল্লি সিসমিক জোন-৪-এর অন্তর্ভুক্ত ঝাজ্জর, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন।











