নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কালিগঞ্জ থানার পলাশী এলাকায় জাতীয় সড়কের উপর পুলিশ গাড়ি দাঁড় করাচ্ছিল। এরপর রাস্তার ধারে একটি ডাম্পারকে দাঁড় করায়। ফলে ওই ডাম্পারের পিছনে থাকা একটি স্কুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা লাগতেই একাধিক ছাত্র আহত হয়। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।

জানা গেছে, স্কুল গাড়িটি মুর্শিদাবাদের রেজিনগরের দিক থেকে আসছিল। ওই বেসরকারী স্কুলের গাড়িতে প্রায় ২৮ জন খুদে পড়ুয়া ছিল। এই দুর্ঘটনার পর আহত পড়ুয়াদের নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েক জন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে, স্থানীয়রা এই দুর্ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি পুলিশের সাথে এলাকাবাসীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশকে পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবী, “পুলিশ টাকা তোলার জন্যই বড়ো গাড়িটি হাত দেখিয়ে দাঁড়াতে বলে। এরপর আচমকাই গাড়িটি দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে স্কুলের গাড়ির চালকও ব্রেক কষেন। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে যায়।” এদিকে, এই দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টা খানেক রাস্তা অবরোধ থাকে।
Sponsored Ads
Display Your Ads Here










