নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার শেখপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ। আহত হয়েছেন অনেকেই। একাধিক ব্যক্তির মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা।
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং দমকল বাহিনী। হতাহতদের উদ্ধার করার পাশাপাশি ওই আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করেছেন আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের সময়ে ওই ফার্নেস সংলগ্ন এলাকার তাপমাত্রা পৌঁছে যায় কয়েক হাজার ডিগ্রিতে।ওই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছে পাঁচ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই কারখানার মধ্যে একাধিক শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরেই ওই কারখানার সামনে হাজির হন এলাকার লোকজন। ওই কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে তাঁরা। এর জেরে কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। ওই কারখানার ৮ থেকে ১০ জন শ্রমিক নিখোঁজ বলেও দাবি তাঁদের।
Sponsored Ads
Display Your Ads Hereএই বিস্ফোরণের খবর পাওয়ার পরেই জামুড়িয়া থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুরের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় তাদের। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই কারখানার পাঁচ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ফার্নেসের কাছাকাছি আরও কেউ ছিল কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুনের তাপ না কমলে ভেতরে গিয়ে তল্লাশি চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন।









