নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর কোন্নগর বটতলা মোড়ে সরকারী জমির উপরে অবৈধ ভাবে তৈরী তৃণমূল কাউন্সিলারের পার্টি অফিসকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। সোমবার বেআইনি নির্মাণ ভাঙতে উত্তরপাড়ার বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ পার্টি অফিস গুঁড়িয়ে দেন। অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাবলু পাল ওরফে খোকন এই পার্টি অফিসে বসে কার্যত ব্যবসা চালাতেন।

অভিযোগ, কার্যালয়ের পাশেই ইমারতি দ্রব্য ফেলে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বাবলু। সোমবার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পুরসভার চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার নিয়ে হাজির হন সেখানে। প্রথমে ফিতে ফেলে জায়গাটি মাপেন ইঞ্জিনিয়াররা। তার পরে অবৈধ ভাবে গজিয়ে ওঠা কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর কথায়, ‘আইন মেনেই সবটা হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ সঙ্গে রয়েছে। BLRO এসেছেন। আমাদের বিজেপির একজনও কর্মী কোনও জিনিসে হাত লাগাবেন না। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।’










