অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর বিরুদ্ধে এবার বিজেপি কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। আজ সল্টলেকে বিজেপির দপ্তরে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দপ্তর থেকে বেরিয়ে এসে কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেন।

প্রসঙ্গত, প্রার্থীতালিকা প্রকাশের পরই রাজ্যের বেশ কিছু জেলায় কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এবার সল্টলেকে বিজেপির দপ্তরেও সেই আঁচ গিয়ে পড়লো। জানা যায়, বেলেঘাটার বিজেপি প্রার্থীকে নিয়ে সেখানকার দলীয় কর্মীদের একাংশ সন্তুষ্ট নন। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো। এদিন বিজেপির দপ্তরে দলীয় কর্মীদের একাংশ প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দেন। অনেকে আবার দপ্তরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবী, ‘‘মনের মতো প্রার্থী দেওয়া হয়নি। এই প্রার্থীকে মেনে নিতে পারছেন না। তাই প্রার্থী বদলের দাবী নিয়ে হাজির হয়েছেন।’’

বিক্ষোভকারী কর্মীদের মধ্যে ভোট-পরবর্তী হিংসায় খুন হওয়া অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার জানান, ‘‘আমার ভাইকে তৃণমূল খুন করেছিল। তার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। তা এটা লড়াই? না তৃণমূলকে সুযোগ করে দেওয়ার পরিকল্পনা। বিজেপির অনেক যোগ্য প্রার্থী রয়েছে। কিন্তু এই প্রার্থীকে আমরা চাই না।’’ এরপর লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা কর্মীদের ক্ষোভ প্রশমনের চেষ্টার করেন। তবে কর্মীরা তাঁদের সামনেই ক্ষোভ উগরে দেন। তবে শমীক ভট্টাচার্য বলেনন, ‘‘প্রার্থী নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’’ অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘কিছু হয়নি। মতবিরোধ থাকতে পারে। আমরা এটা পরিবার। সমস্যা মিটে যাবে।’’
Sponsored Ads
Display Your Ads Here









