নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নবদ্বীপ স্টেশনে ঢোকার মুখে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে আচমকাই আগুন লেগে আতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের মালদার উদ্দেশ্যে রওনা দেয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল সূত্রে খবর, এদিন দুপুরে হাওড়া থেকে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ছাড়ে। বিকেল ৪টে নাগাদ ট্রেনটি নবদ্বীপ স্টেশনে ঢোকার ঠিক আগে যাত্রীরা ট্রেনের দ্বিতীয় কম্পার্টমেন্ট থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে চিৎকার করতে থাকেন। চালক শুনতে পেয়ে নবদ্বীপ স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন। এরপর জিআরপি ও আরপিএফ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসতেই যাত্রীরা হুড়মুড়িয়ে স্টেশনে নেমে পড়েন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্টেশনের বিদ্যুৎ বিভাগের কর্মীরাও সঙ্গে সঙ্গে কামরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি যাত্রীদের অন্য একটি কামরায় বসিয়ে যাত্রা শুরু করে।

যাত্রীরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। আর নবদ্বীপ স্টেশনে দাঁড়িয়েই রেলের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলেন। এক জন যাত্রী প্রশ্ন করেন, ‘‘আমাদের প্রাণের দাম নেই? ট্রেন ছাড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো না কেন?’’ যদিও রেল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, গত রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জারের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
Sponsored Ads
Display Your Ads Here









