নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সোমবার হাওড়ার ধুলাগড় এলাকার ১১৬ নম্বর জাতীয় সড়কের উপরে চলন্ত চারচাকা গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। তবে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা সময় মতো আগুন লক্ষ্য করায় তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসেন। ফলে আরোহীরা বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি হাওড়া থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। ধুলাগড় সংলগ্ন এলাকায় পৌঁছনোর পর চালক আচমকাই গাড়িটির সামনের দিক থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন। বিপদ বুঝে তিনি দ্রুত গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান ও আরোহীরা সঙ্গে সঙ্গে গাড়িটি থেকে নেমে যান। এর কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। পুলিশ এবং দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গাড়িটির সিংহভাগ পুড়ে যায়। কিন্তু গাড়িতে আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পরে অনুমান করা হচ্ছে, গাড়ির বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

অটোমোবাইল বিশেষজ্ঞদের একাংশ বলছেন, “সাম্প্রতিক সময় তীব্র গরমের কারণে অনেক ক্ষেত্রেই গাড়ির ইঞ্জিনের ভিতরের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এর জেরে গাড়ির বৈদ্যুতিক যন্ত্রাংশে সমস্যা দেখা দেওয়া বা ওয়্যারিং গলে গিয়ে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।” যদিও পুলিশ ঘটনাটির যথাযথ তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, ব্যস্ত সময়ে জাতীয় সড়কের উপরে এই অগ্নিকাণ্ডের জেরে সাময়িক ভাবে ওই এলাকায় যানচলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে যান চলাচল আবার স্বাভাবিক করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here









