নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ গতকাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ-পলাশি গ্রামীণ সড়কের ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আর ২ জন আশঙ্কাজনক অবস্থায় আছেন। মৃতরা হলেন ১৮ বছর বয়সী অমর ফারুক, ১৮ বছর বয়সী আরিফ মল্লিক, ২৫ বছর বয়সী জাকির মল্লিক ও ২৯ বছর বয়সী মনিরুল মল্লিক। আর আহতরা হলেন আকন্দডাঙার বাসিন্দা সুমন মল্লিক এবং বড়কুলবেড়িয়ার বাসিন্দা ইনমহম্মদ শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

জানা গেছে, দু’টি বাইকে মোট ছ’জন যাত্রী ছিল। গাড়ির গতি দ্রুত থাকার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে হওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে গেলে অমর, জাকির ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করে। আর আরিফকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আর সুমন মল্লিক এবং ইনমহম্মদ শেখকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।










