নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সুখবর, অনির্দিষ্টকালের জন্য ডানকুনি টোল প্লাজায় টোল ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই এবার থেকে ডানকুনি টোল প্লাজা দিয়ে যেতে গেলে আর টোল দিতে হবে না। কিন্তু এখানেও কয়েকটি নিয়ম রয়েছে।

ডানকুনি টোল প্লাজা সূত্রে জানা গিয়েছে, বর্ধমানগামী যেকোনো গাড়ির জন্য টোল ফ্রি করা হয়েছে। তবে বর্ধমান থেকে যেসব গাড়ি কলকাতার দিকে আসছে, সেই সকল গাড়ির জন্য নির্ধারিত টোল দিয়েই যেতে হবে। শুধুমাত্র একদিকের লেন অর্থাৎ বর্ধমান গামী গাড়ির জন্য টোল ফ্রি করায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মূলত, বর্ধমান দুর্গাপুর-এক্সপ্রেসওয়ের সাইড ওয়াল ভেঙে পড়ার ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছে। সেই ক্ষতে প্রলেপ দিতেই এই সিদ্ধান্ত বলে রাজ্যের শাসক দল কটাক্ষ করেছে।

ডানকুনি শহর তৃণমূলের সভাপতি প্রকাশ রাহা জানান, “আসলে এটা হলো কেন্দ্রের ড্যামেজ কন্ট্রোল। আপনারা দেখেছেন যে এক বছর হয়নি, নিম্নমানের উপাদান দিয়ে রাস্তা তৈরী হয়েছে। এখন বিজেপি সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্ত চাক এর জন্য। সাধারণ মানুষের টোলের টাকা দিয়ে এই রাস্তা তৈরী হয়েছে। অথচ তাদেরই কোনো নিরাপত্তা নেই।” পাল্টা শ্রীরামপুর বিজেপির সহ-সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “যারা বলছে তারা জানে যে কেন্দ্র এই সব জাতীয় সড়কের খরচ ব্যায় বহন করে। কিন্তু সেটার কাজ রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয়। তবে তৃণমূল ভেজাল মাল সাপ্লাই করছে। এটাও ঠিক, ইঞ্জিনিয়ারদের সমস্যাও থাকতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here










