অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভবানীপুরে এবারে প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের দলের টিকিটে ভবানীপুরে প্রার্থী হচ্ছেন পুনম বেগম। শুধু ভবানীপুর নয়, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন। সেখানে প্রার্থী করা হল শহিদুল হককে।

দিন চারেক আগে হুমায়ুন ঘোষণা করেছিলেন, তাঁর দল রাজ্যের ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত ১৮ মার্চ মালদহ ও মুর্শিদাবাদের আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন। তিনি নিজে লড়ছেন মুর্শিদাবাদের দুটি আসন থেকে। রেজিনগর ও নওদা। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন কান্দি থেকে। এদিন আরো ১৪০টির বেশী আসনে প্রার্থী নাম জানালেন হুমায়ুন। চারদিন আগেই তিনি জানিয়েছিলেন, ভবানীপুর থেকে তাঁরা প্রার্থী দিচ্ছেন। এদিন সেই প্রার্থীর নাম ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি।

হাইভোল্টেজ ভবানীপুরে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারী। সেখানে এবার প্রার্থী দিলেন হুমায়ুন। ভবানীপুরেরই ৭৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুনম বেগম। এদিন তাঁর নাম ঘোষণা হওয়ার পর পুনম বেগম বলেন, “ভয় দেখানো হয়েছিল। তবে মনে বিশ্বাস আছে। আল্লাহর উপর ভরসা আছে। নিজের একশো শতাংশ দেব।”
Sponsored Ads
Display Your Ads Here
নন্দীগ্রামও এবার আলোচনার কেন্দ্রে রয়েছে। ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন সেখানকার বিদায়ী বিধায়ক শুভেন্দু। নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে বামেরা। আবার আইএসএফ-ও সেখানে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। এবার হুমায়ুন ঘোষণা করলেন, আম জনতা উন্নয়ন পার্টির টিকিটে নন্দীগ্রামে লড়বেন শহিদুল হক। ভাঙড়েও হুমায়ুন কবীরের দলের তরফে সীমা ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। এই আসনে এবার তৃণমূলের পক্ষ থেকে শওকত মোল্লাকে প্রার্থী হয়েছেন। আর আইএসএফের প্রার্থী হিসেবে বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছেন।











