রায়া দাসঃ কলকাতাঃ আজ নিমতায় সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোঁড়া হলো। দমদমের সাংসদ সৌগত রায়েরই এলাকা এই নিমতা। নিজের এলাকায় এই ঘটনায় প্রশ্ন উঠছে যে, তবে কি এই তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ? এদিন সৌগত রায় নিমতা থানায় দলীয় কর্মীরা আক্রান্ত এই অভিযোগে ডেপুটেশন দিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন।

তাঁকে লক্ষ্য করে ‘চোর’ ‘চোর’ শ্লোগান দেওয়া হয়। এমনকি অনেকে ‘এই বুড়ো চোর’ বলেও মন্তব্য করেছেন। এরপর দ্রুত সৌগত রায় গাড়িতে উঠছিলেন, আর তখনই সৌগত রায়কে উদ্দেশ্য করে জমায়েত থেকে ডিম ছোঁড়া হয়। সৌগত রায়ের এই প্রসঙ্গে দাবী, ‘‘এই ঘটনা বিজেপি কর্মীরা ঘটিয়েছেন।’’ তৃণমূল সাংসদ জানান, ‘‘বুধবার পাঁচ জন তৃণমূল কাউন্সিলারের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। থানা থেকে বেরোনোর সময় ‘চোর চোর’ বলছে। আমি বললাম, ‘কাকে চোর বলছ?’ অসভ্যতা করছে, চিৎকার করছে। আসলে বিজেপির কোনো নিয়ন্ত্রণ নেই।’’










