রায়া দাসঃ কলকাতাঃ গতকাল জেলের ভিতরে এক বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু। প্রেসিডেন্সি সংশোধনাগারের বাথরুম থেকে উদ্ধার হল এক বন্দির রক্তাক্ত দেহ। মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম মহম্মদ আলি। বয়স ৪৪ বছর। উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম থানার দমদম বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া, বাঁশতলা এলাকার বাসিন্দা। জেলের ভিতরে মৃত্যু হয়েছে কিভাবে, তা নিয়ে রহস্য ।

পুলিশ সূত্রে খবর, মহম্মদ আলি দু’টি মামলায় জেল হেফাজতে ছিলেন তিনি। এর মধ্যে এন্টালি থানার ২০২০ সালের একটি এনডিপিএস মামলায় অভিযুক্ত ছিলেন মহম্মদ আলি। ওই মামলাটি এনডিপিএস আইনের ৩(৪) ধারার অধীনে। পাশাপাশি শিয়ালদহ জিআরপিএসের ২০১০ সালের ১০৫ নম্বর মামলাতেও তাঁর নাম জড়িত রয়েছে। তবে এদিন সন্ধ্যায় রোল কলের সময় মহম্মদ আলিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন জেলকর্মীরা। এরপর প্রেসিডেন্সি সংশোধনাগারের ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের বাথরুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

এরপর তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? বন্দিকে কেউ খুন করেছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছেছেন হেস্টিংস থানার পুলিশ আধিকারিক এবং লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা। জেলের অন্যান্য বন্দিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









