রায়া দাসঃ কলকাতাঃ পুলিশকে গুলি করে পালানোর অভিযোগ উঠেছিল। ৭২ ঘণ্টার সার্চ অপারেশন শেষে শুক্রবার সকালে অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাঁওকে পাকড়াও করল পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, হিরাপুরের একটি বাড়িতে লুকিয়ে ছিলেন অভিযুক্ত। অভিযোগ, তাঁকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালান তিনি। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। প্রতাপের ডান পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই পাকড়াও করা হয় প্রতাপকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপকে এলাকায় দেখা গিয়েছে জানিয়ে এ দিন সকাল ৮টা নাগাদ হিরাপুর থানায় একটি ফোন আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে বাড়ি-বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান। বন্ধ করে দেওয়া হয় যাতায়াতের সব রাস্তা। আশপাশের বাড়ির ছাদ থেকেও চলে নজরদারি। স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রত্যেক পুলিশকর্মী ও আধিকারিকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। প্রায় দু’ঘণ্টা ধরে চলে লুকোচুরি খেলা। শেষে একটি বাড়িতে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেন প্রতাপ। মুহূর্তের মধ্যে বাড়ি ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।

অভিযোগ, দরজা খুলে তাঁরা ভিতরে ঢুকতেই গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। তখনই প্রতাপের ডান পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রতাপ। তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তার পরে কলার ধরে টানতে টানতে তাঁকে নিয়ে গিয়ে তোলা হয় গাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সুস্থ হলে তাঁকে হেফাজতে নেওয়া হবে। সাতসকালে এনকাউন্টারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হিরাপুরে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতাপের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। সাইবার অপরাধেও নাম জড়িয়েছে তাঁর। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্ত্রীকে দেখতে হিরাপুরের বাড়িতে এসেছিলেন প্রতাপ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দদিয়েছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযোগ, প্রতাপের বাড়ি ঘিরে ফেলতেই পুলিশকে লক্ষ্য করে দু’-তিন রাউন্ড গুলি চালান অভিযুক্ত। তার পরে মুহূর্তের মধ্যে বাড়ির পিছনের পাঁচিল টপকে উধাও হয়ে যান। তবে কোনও পুলিশ কর্মী আহত হননি। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি দেওয়ালে গিয়ে লাগে। তার পর থেকেই প্রতাপের খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে তাঁকে পাকড়াও করল পুলিশ










