অন্বেষা দেঃ কলকাতাঃ গতকাল যাদবপুরে বেপরোয়া গাড়ির তাণ্ডব। পথচারী ও রিকশাচালককে ধাক্কা মেরে রাস্তার ধারে থাকা রাজীব গান্ধীর মূর্তি গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘাতক গাড়ির চালক মদ্যপ ছিলেন বলে অভিযোগ। দুর্ঘটনার পর গাড়ির চালককে মারধর করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে বেশ শোরগোল পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, “যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডের কাছে বেপরোয়াভাবে এসে একের পর এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। এরপর একটি রিকশাতে ধাক্কা মারে। রিকশার চালক এবং এক মহিলা যাত্রী গুরুতর আহত হন।” রিকশাচালক দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। জানা গিয়েছে, তাঁদের কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই গাড়ির ধাক্কায় আরও কয়েকজন অল্পবিস্তর আহত হন। অভিযোগ, “রাস্তায় বাঁক নিতে গিয়ে পরপর ধাক্কা মারার পর গাড়িটি রাজীব গান্ধীর মূর্তিতে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় মূর্তির বেদি। গাড়িটিতে চালক-সহ ২ জন তরুণ ছিলেন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।”

দুর্ঘটনার পরেই গাড়িটি ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ জনতা। গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়িতে থাকা একজনকে ধরে ফেলা হয়। তাঁকে পথচলতি মানুষ ব্যাপক মারধর করেন। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। কিছুক্ষণের চেষ্টায় উন্মত্ত জনতার হাত থেকে ঘাতক গাড়ির চালককে উদ্ধার করে। পাশাপাশি ঘাতক গাড়ির চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখছে।
Sponsored Ads
Display Your Ads Here









