নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বুধবার সন্ধ্যে নাগাদ অতিবৃষ্টিতে বেঙ্গালুরুর জনজীবন কার্যত ওলট-পালট হয়ে গেল। শিলাবৃষ্টিতে বেঙ্গালুরুর রাস্তা তুষারপাতের মতোই ঢেকে গিয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের দেওয়াল ধসে এক শিশু সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দু’জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে ও এক জনের নির্মীয়মাণ স্ট্রাকচার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে।

এদিনের ভারী বৃষ্টিতে বেঙ্গালুরবাসীর অন্যতম পছন্দের ‘চার্চ স্ট্রিট’ বুকশপে জল ঢুকে পাঁচ হাজারের বেশী বই নষ্ট হয়ে গিয়েছে। প্রায় চোদ্দ লক্ষ টাকার সম্পদ একেবারে ভিজে গিয়েছে। পাশাপাশি, যানজটে নাকাল বেঙ্গালুরুর রাস্তাঘাট ভারী বৃষ্টির পরে দুর্বিষহ হয়ে উঠেছে। অফিসযাত্রী থেকে পথচারী সকলকেই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। কোথাও হাঁটুজল তো কোথাও আবার কোমর জলে যেন বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। অন্যদিকে, এই বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা একধাক্কায় দশ ডিগ্রীর বেশী নেমে গিয়েছে।











