রায়া দাসঃ কলকাতাঃ আজ তারাতলা থানা এলাকার হেলেন কেলার রোডে লরির ধাক্কা লেগে ষষ্ঠ শ্রেণীর ১ জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম আনমোল ঝা। এই ঘটনাকে কেন্দ্র করে মাঝেরহাটে অগ্নিগর্ভ পরিস্থিতি। তারাতলা থানার পুলিশ খবর পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জেরে বেশ কিছুক্ষণ মাঝেরহাট চত্বরে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।

জানা গেছে, আনমোল টিউশন থেকে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরি ধাক্কা মারে। এরপর স্থানীয়রা ক্ষোভে ফেটে গাড়িটিকে ভাঙচুর করেন। অন্যদিকে, পুলিশ বালকটির দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনীকে উত্তেজিত জনতাকে সরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। সেই সঙ্গে লরিটিকে বাজেয়াপ্ত করেছে। যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে? এবং চালকের কোনো রকম গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখছে।










