নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আবারও হুগলি নদী তীরবর্তী পূর্ব বাসুদেবপুরে অবস্থিত পার্কে ধস নামল। সপ্তাহ দুয়েক আগে এই পার্কে বেশ কিছুটা জায়গাজুড়ে ধস নেমেছিল। এরপরে সেচ দপ্তর জরুরি ভিত্তিতে নদীর ধস মেরামতি শুরু করে। সেই সময়ে ধস মেরামতে পূর্ব বাসুদেবপুর পার্কের কাছে ফেলা হয় মাটির বস্তা। এমনকী, জোয়ারের জল যাতে ভাঙা নদীর পাড় ধুইয়ে না দেয়, তার জন্য ভাঙা অংশ ঘিরে দেওয়া হয় পলিথিনে।

কিন্তু এর পরেও রবিবার ভোররাতে পূর্ব বাসুদেবপুরর ওই পার্কে কংক্রিটের চাতালে ফাটল দেখা দেয়। পার্কের ১৫ ফুট লম্বা চাতাল ধসে পড়ে। এ দিকে, পূর্ব বাসুদেবপুরে ক্রমবর্ধমান নদীর পাড়ের ধসে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সেচ দপ্তরের এক আধিকারিক জানান, এই ধস মেরামতে ইতিমধ্যে আমরা নদীর জলে এক বিশেষ আকৃতির বাঁশের খাঁচা ফেলছি। পাশাপাশি, ধস মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৩১ অগস্ট উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে নবনির্মিত পার্কে ধস নামে। যদিও ধস নামার বেশ কয়েকদিন আগেই স্থানীয় বাসিন্দারা পার্কে ফাটল লক্ষ করেছিলেন। হুগলি নদীর পশ্চিম পাড়, বিশেষত এই বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুর এলাকার নদীর বাঁধ ভাঙনপ্রবণ।

বছর চারেক আগে এই পার্কের অদূরে পূর্ব বাসুদেবপুর প্রাইমারি স্কুলের কাছে বিশাল ভাঙন দেখা দেয়। তখন বেশ কিছু দোকান ও নদীপাড়ের অসংখ্য গাছপালা হুগলি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বিপদ আঁচ করেই প্রশাসনের পক্ষ থেকে প্রাইমারি স্কুলের পঠনপাঠনের ব্যবস্থা অন্যত্র করা হয়। এর পরে সেচ দপ্তর ভাঙন রোধে একাধিক পদক্ষেপ করে। পুরোনো সেই ভাঙন বর্তমানে অনেকাংশই রোধ করতে সম্ভব হয়েছে সেচ দপ্তর। কিন্তু নতুন করে পূর্ব বাসুদেবপুর পার্কের কাছে ক্রমবর্ধমান ভাঙন তাঁদের ফের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বেলাড়ির বাসিন্দা গৌরহরি দাস বলেন, ‘নদীর এই অঞ্চলে যে ভাবে ধস নামছে, তাতে আমরা বেশ দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে আর্জি, দ্রুত এই ভাঙন রোধে পাকাপাকি ব্যবস্থা করুক প্রশাসন।’
Sponsored Ads
Display Your Ads Here









