নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৭ আগস্ট সোমবার থেকে বেকারি পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন। নতুন দামে প্রতি পাউন্ড পাউরুটিতে ৪ টাকা এবং হাফ পাউন্ড পাঁউরুটিতে ২ টাকা বেশী খরচ হবে। ময়দা, চিনি, ভোজ্য তেল এবং প্যাকেজিং সামগ্রীর দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বেকারি ব্যবসায়ীরা।

বেকারি ব্যবসায়ীদের দাবী, ময়দার দাম প্রতি কেজিতে প্রায় ছ’টাকা বেড়েছে। পাশাপাশি চিনির দাম প্রতি কেজিতে প্রায় দশ টাকা এবং ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে প্রায় আট টাকা বেড়েছে। প্যাকেজিং সামগ্রীর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি প্যাকেজিং, পলিথিন এবং প্রিন্টিংয়ের কালির মতো বিভিন্ন উপকরণ পেট্রোলিয়ামজাত পণ্যের সঙ্গে যুক্ত। পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে সেই সব উপকরণের দাম বেড়েছে।

বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে আরিফুল ইসলাম জানাচ্ছেন, উপকরণের দাম বৃদ্ধির পিছনে রয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধের ঘটনা। পলিথিন, প্যাকেজিং মেটেরিয়াল, প্রিন্টিংয়ের জন্য কালি- সবকিছুই পেট্রোলিয়াম বাই-প্রডাক্ট। সেই কারণেই দাম বেড়েছে বলে তাঁর মত। পাউরুটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পড়ে। সেটির দাম বাড়লে সরাসরি আমজনতার পকেটে ধাক্কা লাগে। বেকারি ব্যবসাতেও কি ধাক্কা লাগবে না? আরিফুল জানালেন, জিনিসের দাম বাড়লে প্রথমেই বাজার থেকে ৪০ শতাংশ কিকব্যাক হয় অর্থাৎ সরাসরি বিক্রি কমে। জিনিসের দাম বাড়লে ব্যবসায় ক্ষতি হবেই কিন্তু এখন কিছুটা বাধ্য হয়ে এই কাজ করতে হয়েছে বলে জানালেন তিনি।
Sponsored Ads
Display Your Ads Here









