নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ বর্ধমান-আরামবাগ রোডের উপর মাধবডিহি থানার নন্দনপুর এলাকায় হঠাৎ চলন্ত বাস রাস্তার পাশে রাখা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বাস। হঠাৎ ধাক্কায় চমকে ওঠেন বাসের যাত্রীরা। তারপরে আর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নামতে থাকে বাস। ততক্ষণে বাসযাত্রীরা চিৎকার শুরু করে দিয়েছেন। রাস্তায় থাকা বাকি নিত্যযাত্রীরাও হইহই করে উঠেছেন। কিন্তু চোখের নিমেষে রাস্তার পাশে নয়ানজুলিতে নেমে হেলে যায় বাসটি।

বর্ধমান থেকে আরামবাগ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে যায় বাসটি। স্থানীয়রা ছুটে এসে বাসযাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। এসে পৌঁছয় পুলিশও। জখম যাত্রীদের স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। আলাদা করে কারণ সামনে আসেনি। বাসের যাত্রী ছিলেন বলে দাবি করে এক মহিলার অভিযোগ, বাস চালক মোবাইলে কথা বলতে বলতে চালাচ্ছিলেন। ওই মহিলা জানান, তিনি চালকের কেবিনের পাশে বসেছিলেন। তাঁর অভিযোগ, চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়েই বাস নিয়ন্ত্রণ হারায়, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।









