নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ আইআইটি খড়গপুর ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম। বয়স ৩৬ বছর। বাড়ি হায়দ্রাবাদে। কর্মসূত্রে ক্যাম্পাসের ২ বিআর -১৪ নম্বর কোয়ার্টারে একাই থাকতেন।

জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে খড়গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ওই কোয়ার্টারে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে। আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোয়ার্টারের ওই রুমটি সিল করে দিয়েছে পুলিশ। পারিবারিক বা অন্য কোনও ব্যক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা তা জানা যায়নি।










