মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ এবার থেকে সরকারী বাসের রং হবে গেরুয়া, জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, ‘সিপিএমের সময়ে বাসের রং ছিল লাল। তৃণমূলের আমলে তা নীল-সাদা করা হয়েছিল। লাল মানে তো ডেঞ্জারার্স আর নীল-সাদা মানেই চুরি। গেরুয়া হলো ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী। গেরুয়া ত্যাগের প্রতীক। তাই নতুন যে সরকারি বাসগুলি আসবে, সেগুলির রং হবে গেরুয়া।’

গত সপ্তাহে AC-58 রুটে ইকো স্পেস-সোনারপুর বাসের ছবি সামনে আসে। চেনা পরিচিত নীল-সাদার বদলে সে বাস একেবারে ভাইব্র্যান্ট স্যাফরন। WBTC-র টালিগঞ্জে যে ডিপো রয়েছে, সেখানেও গেরুয়া বাসের ছবি ভাইরাল। বিজেপির সরকার আসার পরে পরিবহণ ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করছে বাংলায়। কলকাতার ঐতিহ্যশালী ট্রামকে নতুন ভাবে শহরের বুকে তুলে আনতে চলেছে। প্রায় ৭০টি রুট পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। শহরবাসীর যাতায়াত সহজ করতে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত একটি নতুন ট্রাম রুটও তৈরি করা হবে।

সল্টলেক, নিউ টাউন এবং বিভিন্ন ধর্মীয় পর্যটন করিডরেও ট্রাম লাইন সম্প্রসারণের রূপরেখা তৈরি করা হয়েছে। বিভিন্ন রুটে বেড়েছে বাসের সংখ্যা। বন্ধ হয়ে যাওয়া বাস রুটগুলি নিয়েও ভাবনা চিন্তা চলছে। নতুন রুটেও বাসের যাতায়াত শুরু হয়েছে। আর এ বার নতুন সরকারি বাস সাজবে গেরুয়া রঙে।
Sponsored Ads
Display Your Ads Here









