নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর রিষড়ায় ঘর থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। পাশে ঘুমিয়ে ছোট্ট মেয়ে। মৃতের নাম মণিকা ওঝা। বয়স ৩১ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছ’বছরের মেয়েকে নিয়ে রিষড়ায় তিন নম্বর নতুনগ্রামে ভাড়া বাড়িতে থাকতেন মণিকা। স্বামী দীপঙ্কর সরকার দিল্লিতে থাকেন। শুক্রবার রিষড়ায় আসেন তিনি। শনিবার সকাল থেকে তাঁর খোঁজ নেই। গোটা ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

অভিযোগ, শুক্রবার রাতে সেই বাড়ি থেকে চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা। কিন্তু শনিবার সকালে কোনও সাড়াশব্দ না পেয়ে গেটের তালা ভাঙেন পড়শিরা। এর পরেই দরজা খুলে দেখেন মণিকা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে। গলা কাটা, রক্ত বেরোচ্ছে। পাশে শুয়ে রয়েছে মেয়ে। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় ওই তরুণীকে। এর পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয় । ঘটনার পর থেকে নিখোঁজ দীপঙ্কর।










