নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর সরকারী বাসের সাথে ট্রেলারের ধাক্কা লেগে ৪ জনের মৃত্যু হয়েছে। আর ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু সহ বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত সরকারী বাসটি দ্রুত গতিতে শিলিগুড়ির দিক থেকে আসছিল। অপরদিকে ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সরকারি বাসের পাশের দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনার পর ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় প্রচুর মানুষজনকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। বেশ কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে দুর্ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর গুরুতর আহত যাত্রীদের এক লক্ষ টাকা ও অন্যান্য আহত যাত্রীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে, ময়নাগুড়ির পথ দুর্ঘটনায় হেল্প লাইন খোলা হয়েছে। নম্বরটি হল- ৮৫৯৭৯৬৫০১৬।
Sponsored Ads
Display Your Ads Here









