"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সিইও অফিসের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূল-বিজেপির

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। তাঁকে ‘হাতেনাতে ধরে ফেলা হয়’। এমনই অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তাঁরাও সিইও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখান। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সিইও অফিসের সামনের রাস্তা। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

জানা গিয়েছে, মঙ্গলবার বেলায় আচমকাই স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েক জন বিএলও। তাঁদের অভিযোগ, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম ৬ নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছিলেন! তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে ধরে তৃণমূলপন্থী বিএলও-রা টানাটানি শুরু করেন। ক্যামেরায় ধরা পড়েছে, এক যুবক একতাড়া কাগজ বগলদাবা করে সিইও অফিসে ঢুকছেন। তবে সেগুলি কী কাগজ, তা স্পষ্ট নয়। আদৌ সেগুলি ফর্ম ৬ কি না, তা জানা যায়নি। সিইও অফিসে ফর্ম ৬ জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ শুরু করেন, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপি কর্মীরা। নেতৃত্বে দেখা যায় চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে।

তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তবে কাকে মারধরের অভিযোগ করছে বিজেপি, তা স্পষ্ট নয়। তবে সিইও অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখানো শুরু করেন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেয় বিজেপিও। আর তার ঠিক কিছুটা দূরে অবস্থানে বসে পড়েন তৃণমূলপন্থী বিএলও-রা। দু’পক্ষের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় সিইও অফিসের সামনে। দু’পক্ষের মাঝে রয়েছে পুলিশ। গার্ডরেল দিয়ে দু’পক্ষকে আটকানোর চেষ্টা করে তারা। তবে পুলিশের গার্ডরেল ভেঙে, টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েক জন। তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ৩টে পর্যন্তও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।


দু’পক্ষই সিইও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে। পরে বিজেপির তরফে অভিযোগ করা হয়, তারা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিল, সে দিক থেকে একদল তৃণমূল কর্মী হাতে দলীয় পতাকা নিয়ে চড়াও হন। সিইও অফিসের সামনে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে কয়েকটি বাইক রাস্তার উপরে পড়ে থাকতেও দেখা যায়। অভিযোগ, দু’পক্ষের ধস্তাধস্তির সময় বাইকগুলি ফেলে দেওয়া হয়। ফর্ম ৬-কে কেন্দ্র করে কমিশনের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপির। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে সিইও অফিস গিয়েছিলেন।

সিইও অফিস থেকে বেরিয়েই অভিযোগ করেন, নিজেদের ভোট সুরক্ষিত করতে বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঠাঁই দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সে জন্যই সোমবার বস্তাভর্তি ফর্ম ৬ নিয়ে সিইও দফতরে জমা দিয়ে গিয়েছেন কয়েক জন। বিজেপি নেতা অমিত মালবীয়ের নির্দেশে ওই নামগুলো বেআইনি ভাবে রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফর্ম ৬ জমা দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31