রায়া দাসঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই পুলিশ জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে। আজ নাকা চেকিং চলার সময় নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি গাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশকে সাথে নিয়ে নিউটাউন সিটি সেন্টারের কাছে অভিযান চালায়। একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি করা হয়। পুলিশ সূত্রে খবর, গুজরাটের বাসিন্দা সুরেশ ঠাকুর নামে এক জন ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এরপর টাকার উৎস সম্পর্কে সঠিক নথি বা প্রমাণপত্র দেখাতে না পারায় সুরেশ ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, দু’দিন আগেই আলিপুরদুয়ার জেলায় নাকা তল্লাশির সময় আসামের নাম্বার প্লেট লাগানো একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি হতেই গাড়ি থেকে একশো ও পাঁচশো টাকার একাধিক নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে। মোট দু’ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছিল। সেদিনও টাকার উৎস সম্পর্কে সঠিক প্রমাণ বা কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত ১৫ ই মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে। সেই দিন থেকেই রাজ্য জুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়। সাধারণত পঞ্চাশ হাজার টাকার অধিক নগদ অথবা দশ হাজার টাকার অধিক মূল্যের সামগ্রী নিয়ে যাতায়াত করলে সেই সামগ্রী বা অর্থের উৎস সম্পর্কে সঠিক প্রমাণ বা কাগজপত্র দেখানোর নির্দেশিকা রয়েছে। নচেৎ সেই অর্থ কিংবা জিনিস পুলিশ বাজেয়াপ্ত করতে পারে।










