পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের একটি ঝালাইয়ের গ্যারাজে বিস্ফোরণ ঘটে মৃত্যু হলো ১ জনের ও আহত আরো ১ জন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারাজটি এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের। এদিন গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। যার তীব্রতায় গ্যারাজের টিনের ছাউনি অবধি উড়ে যায়। এই ঘটনায় দু’জন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বজবজ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বজবজের দু’নম্বর ওয়ার্ডের একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে গেলে সেখানেই আহত নাবালকের মৃত্যু হয়। আর বাকি এক জন চিকিৎসাধীন। কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে কিভাবে তা পুলিশ খতিয়ে দেখছে। আর গ্যারাজের মালিক শেখ নিজামউদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।










