অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সল্টলেকের জিসি ব্লকের ৫৪ নম্বর বন্ধ বাড়ি থেকে প্রৌঢ়ের পচা-গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুরবেলা সাড়ে ১২টা নাগাদ স্থানীয়রা ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোতেই পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগীতায় বাড়ির ভিতর থেকে ৫৭ বছর বয়সী সুজয় দত্তের পচা-গলা দেহ উদ্ধার করে। কিন্তু এই মৃত্যু হয়েছে কিভাবে তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে।

উদ্ধারের পর দেহটি প্রাথমিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। অসুস্থতাজনিত কারণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাঁ খানিকটা পরিষ্কার হয়ে যাবে। তবে দেহের অবস্থা দেখে পুলিশের অনুমান বেশ কিছুদিন আগেই মৃত্যু হয়েছে সুজয়বাবুর। সে কারণেই রীতিমতো পচন ধরে গিয়েছে গোটা শরীরে।

প্রতিবেশীদের দাবি, সুজয় বাবু দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বিয়ে করেননি। বাড়িতে একাই থাকতেন। কিন্তু হঠাৎ তাঁর এই পরিণতি কী করে তা ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, এদিনই আবার নাগেরবাজার সাতগাছি এনএন রোডে বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মা ও ছেলের। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here









