ব্যুরো নিউজঃ পেরুঃ পেরুর আকাশে ভয়ানক দুর্ঘটনা। বন্যাদুর্গতদের উদ্ধার করতে গিয়ে পেরু বায়ুসেনার (FAP) একটি Mi-17 হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় চার জন ক্রু মেম্বার সহ কপ্টারে থাকা ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত যাত্রীদের মধ্যে ৭ জনই নাবালক ছিল। রুশ প্রযুক্তিতে তৈরী এই কপ্টারটি ইকা অঞ্চলের পিস্কো বিমানঘাঁটি থেকে আরেকিউপা অঞ্চলের চালার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী, এই কপ্টারটির ভয়াবহ বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করার পাশাপাশি ত্রাণ পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গতকাল বিকেলবেলা ৪টে ৩০ মিনিট নাগাদ আচমকাই কপ্টারটির রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে।

আজ স্পেশাল ফোর্স ও পুলিশ চালা ভিয়েহো এলাকা থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। এই দুর্ঘটনা ঠিক কি কারণে ঘটেছে? যান্ত্রিক ত্রুটি নাকি খারাপ আবহাওয়া, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পেরু বায়ুসেনার তরফে একটি সরকারী বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









