ব্যুরো নিউজঃ জাপানঃ আজ দেশের দক্ষিণের কিউশু উপকূলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জন আহত হয়েছেন বলে খবর। তবে, তীব্র ভূমিকম্পে কোথায়, কতটা ক্ষতিগ্রস্থ, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

জাপান মেটেওরজিক্যাল এজেন্সি অর্থাৎ জাপানের আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের নীচে প্রায় ১০ কিলোমিটার গভীরে। জাপানের ওকি থেকে ৪ কিমি ছিল ভূমিকম্পের কেন্দ্র। এদিকে, ভূমিকম্পের পর কুমামোটো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি আফটারশকের জরুরি সতর্কতা জারি করেছে জাপান সরকার। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই উপকূলের কাছে বসবাসকারী প্রত্যেককে নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, জাপানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, কয়েকটি এলাকায় ওই উচ্চতার ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করেছে। উল্লেখ্য, গত ২৫ জুন জাপানের উত্তরে ৭.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। যদিও সেই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। ২০ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন আহত হয়েছিলেন। উল্লেখ্য, ২০১১ সালে জাপানেতীব্র ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮,৫০০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
Sponsored Ads
Display Your Ads Here









