অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকাল রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখলেন, ‘আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’

গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে শপথ নেন আরও পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁরাই এই মুহূর্তে একাধিক দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তখন থেকেই নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি সূত্রে খবর, দু’জনেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজেপি বিধায়কদের নামের একটি তালিকাও দেওয়া হয়েছিল যদিও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি বিজেপির কোনও নেতাই।

গত বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গেও দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েই আলোচনা হয়েছিল। উল্লেখ্য, সাংবিধানিক বিধান অনুযায়ী, কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসেবে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে কিছুটা সময় নেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এ বারের নির্বাচনে রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিজেপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। তাই দলের শীর্ষনেতৃত্ব চাইছে, মন্ত্রিসভায় যেন সব জেলার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সেই কারণেই সময় নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









