অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে আজ দিনভর চলছে বৃষ্টি। আর বৃষ্টির মাঝেই লেকটাউন বি ব্লক এলাকায় রাস্তার উপরে ভেঙে পড়ল গাছ। দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়ির চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পরেই আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত গাড়ি ও ভেঙে পড়া গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

লেকটাউন বি ব্লকের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি প্রাইভেট গাড়ির উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছটি। গাড়ির চালক ভিতরে আটকে পড়েন। স্থানীয় কয়েকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। আহত গাড়ির চালককে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশেই একটি ট্যাক্সি দাঁড়িয়ে ছিল। গাছ পড়ে সেই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও। দমকল ও পুরসভার কর্মীদের তৎপরতায় গাছ সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘একটি চলন্ত গাড়ি ও একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে গাছটি ভেঙে পড়েছে। প্রাইভেট গাড়ির চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।’ যদিও পুরসভা, বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিশের উপস্থিতিতে দ্রুত গাছ কাটিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে এলাকায় লোকজন কম ছিল। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।
Sponsored Ads
Display Your Ads Here









