নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বিকেল থেকেই হঠাৎ বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। অনেক জায়গায় ঝোড়ো হাওয়াও বইতে শুরু করে। তবে দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঝোড়ো হাওয়ার সহ শিলাবৃষ্টি শুরু হয়। আর পরবর্তীতে কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়।

জানা গেছে, দক্ষিণ বাঁকুড়ার খাতড়া, রানিবাঁধ ও হিড়বাঁধ ব্লকের একাধিক এলাকায় প্রথমে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি চলে। আচমকা এই আবহাওয়ার পরিবর্তনে এলাকার কৃষকরা কিছুটা স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন। স্থানীয় কৃষকদের আশঙ্কা, এই শিলাবৃষ্টির ফলে মাঠে থাকা বিভিন্ন সব্জি ফসল এবং আলু চাষের যথেষ্ট ক্ষতি হতে পারে। বিশেষ করে যেসব জমিতে বর্তমানে সব্জি ও আলুর চাষ রয়েছে, সেখানে ফলনের উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বৃষ্টির জেরে এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে এবং সাধারণ মানুষ গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন। এদিন বাঁকুড়া ছাড়াও বর্ধমান, কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জেলায় কম-বেশী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে মঙ্গলবার অবধি বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বেশ কিছু জেলাতে আবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরী হবে।
Sponsored Ads
Display Your Ads Here









