রায়া দাসঃ কলকাতাঃ মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা টলিপাড়ায়। রবিবার সন্ধেয় বৈঠকের পর ঘোষণা করল আর্টিস্ট ফোরাম। কলাকুশলীদের সুরক্ষার দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে। যতদিন না শুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে।

রবিবার আর্টিস্ট ফোরামের বৈঠকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় -সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে। বৈঠকে ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। যৌথ আলোচনায় সাময়িক কর্মবিরতির ঘোষণা করা হয়। এ দিনের বৈঠকে আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে ছিল ফেডারেশনও। শিল্পীর সুরক্ষার দাবিতে সরব ফেডারেশনও। কর্মবিরতির সিদ্ধান্তের পাশাপাশি তালসারিতে শুটিং ইউনিটের কয়েকজন সদস্যকে শোকজ নোটিস পাঠানো হবে বলে আলোচিত হয়েছে বৈঠকে।

গতকাল রাতে তালসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। অভিযোগের তালিকায় রয়েছেন মোট পাঁচ জন। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রিয়াঙ্কার দায়ের করা এফআইআর-এ আরও উল্লেখ করা হয়েছে, প্রযোজনা সংস্থার কর্তারা বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং করার পরিকল্পনা করেছিলেন। অভিযোগ অনুযায়ী, সেই গাফিলতির ফলেই প্রাণ হারান অভিনেতা। এমনকি ঘটনার পর ভুল তথ্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
প্রসঙ্গত, ২৯ মার্চ তালসারিতে ওই ধারাবাহিকের শুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তে জলে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিললেও, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তাই রহস্য উন্মোচনের দাবিতে রাহুলের পরিবার এবং শিল্পমহলের একাংশ সরব হয়েছে। তবে অভিযোগ ওঠার পরেও এখনও পর্যন্ত অভিযুক্তদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় দু’জনকেই ফোন করা হলেও প্রতিবারই বেজে বেজে কেটে গিয়েছে ফোন ।
Sponsored Ads
Display Your Ads Here










