চয়ন রায়ঃ কলকাতাঃ দীর্ঘ ১২ বছর ১০ মাস পর চিটফান্ড কেলেঙ্কারীর প্রধান অভিযুক্ত তথা সারদা কর্তা সুদীপ্ত সেন সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ রায় ঘোষণা করে সুদীপ্ত সেনকে রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় জামিন দিয়েছে। ফলে তার জেল থেকে বেরোনোর কোনো আইনী বাধা রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ রয়েছে। রায়ের কপি আপলোড হলে জেল থেকে বের হতে আর কোনো সমস্যা থাকছে কি না তা স্পষ্ট হবে। সব ঠিক থাকলে আগামীকালই সুদীপ্ত সেন জেল থেকে ছাড়া পেতে পারেন।

প্রসঙ্গত, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা)-এ অভিযুক্ত ছিলেন। ২০১৩ সালের ২৩ শে এপ্রিল সারদা চিটফান্ড কেলেঙ্কারী মামলায় জম্মু-কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হন। এরপর বারো বছর ধরে টানাপোড়েনের পর গত বছর আগস্ট মাসে ২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেকসুর খালাস পান।

উল্লেখ্য, ওই সময় আদালতে সুদীপ্ত সেনের আইনজীবী দাবী করেছিলেন, “সরকারী আইনজীবী একটি মামলাতেও অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেননি।” আর সেই সওয়ালের ভিত্তিতেই সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় বেকসুর খালাস পান। যদিও রাজ্য সরকারের দায়ের করা মোট আড়াইশোটি মামলার মধ্যে ২১৪টি মামলায় জামিন মিললেও, বাকি মামলাগুলিতে জামিন না থাকায় জেলেই থাকতে হয়।
Sponsored Ads
Display Your Ads Here










