রায়া দাসঃ কলকাতাঃ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিকেল হতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় লাল ও কমলা সর্তকতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। সাথে ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল বৃষ্টির দাপট আরো বাড়বে। আর শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী বইতে পারে। প্রসঙ্গত, গতকাল রাতেরবেলাও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল-ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে গেছে। আবার বেশ কিছু রাস্তাও বন্ধ হয়ে যায়।

গতকালের ঝড়-বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা কমে ২০ ডিগ্রী সেন্টিগ্রেড হয়। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রী সেন্টিগ্রেড কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার অবধি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বেশী বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির দাপট খানিকটা কমবে।
Sponsored Ads
Display Your Ads Here










