অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে আজ আবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানা দিয়েছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই এই হানা বলে সূত্রের খবর।

জানা গেছে, এসএসসির একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। তাঁকে তিনবার চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন, “প্রয়োজনে আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।” তাই বারবার গরহাজির থাকায় এবার ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে সরাসরি এসে পৌঁছেছে।

অন্যদিকে, জেলমুক্তির পর গত বছর ১১ ই নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফেরেন। যদিও রাজনৈতিক বৃত্তে তাঁকে আর ফিরে আসতে দেখা যায়নি। নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় তিন বছর জেল হেফাজতে থাকতে হয়েছে পার্থকে। ২১ সালের জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পাশাপাশি দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের নিউটাউনের দপ্তরেও ইডি আধিকারিকদের একটি টিম গিয়েছে। দুর্নীতি মামলায় শুরু দিকেই প্রসন্ন রায়ের নাম উঠে এসেছিল। গত বছর আগস্ট মাসে পুরুলিয়ায় প্রসন্ন রায়ের এক জন আত্মীয়ের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here










