নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ফের একবার সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর এরপরই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তা থামাতে পুলিশকে রীতিমতো লাঠিপেটা করতে হয়।

সূত্রের খবর, দীর্ঘদিন থেকেই মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের সাথে রাজ্যের বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরোধ রয়েছে। এদিন সিদ্দিকুল্লা চৌধুরী নাম ঘোষণার পরেই তাঁর অনুগামীরা বাজি ফাটাতে থাকেন। আনন্দ-উত্তেজনায় আবীর খেলতে শুরু করেন। এরপর এই নিয়েই আহমেদ গোষ্ঠীর লোকের সাথে সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিশাল বাহিনী নিয়ে আসে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।

সিদ্দিকুল্লা অনুগামী হিসাবে পরিচিত সফিক শেখ এই ঘটনা প্রসঙ্গে জানান, “সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা হতেই বাবুল খাঁ, খোকন মণ্ডল সহ প্রায় চল্লিশ জন হামলা চালায়। ঘুষি-কিল চড় যে যেমন পেরেছে মেরেছে। আমরা শুধু দাঁড়িয়েছিলাম। অকারণে মেরেছে। আমি চাইছি ওদের শাস্তি। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নাম আসার জন্যই এই হামলা।” বিপক্ষ গোষ্ঠী অতিযুব মণ্ডল পাল্টা বলেন, “আমি তো বাজারে ছিলাম। খবর এলো আমার বাড়িতে বোমা এল। খোকন শেখ আমার বাড়িতে বোমা মেরেছে। ও একসময় বিজেপি করেছে।”
Sponsored Ads
Display Your Ads Here










