মিনাক্ষী দাসঃ সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিছু চটপটা না খেলে জমে না। কিন্তু প্রতিদিন চপ, পকোড়া খেলে শরীরও ঠিক থাকবে না। তাই স্বাস্থ্যগুণে ভরপুর একটি মুখরোচক রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। আর সেটি হলো মসুর ডাল ও পনিরের টিক্কি। যা প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ জলখাবার।

উপকরণঃ ১ কাপ মসুর ডাল (ভিজিয়ে সেদ্ধ করা), ১ কাপ চটকানো পনির, ১টি মাঝারী পেঁয়াজ কুচি, ২টি কাঁচা লঙ্কা কুচি, ১ চা চামচ আদা কুচি, আধা চা চামচ ধনেপাতা কুচি, আধা চা চামচ লাল লঙ্কাগুঁড়ো, ভাজা জিরাগুঁড়ো, স্বাদমতো নুন, প্রয়োজনমতো বেসন বা চালের গুঁড়ো ও অল্প তেল ভাজার জন্য।

প্রণালীঃ প্রথমে মসুর ডাল ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। তবে ডাল যেন একেবারে গলে না যায় তা খেয়াল রাখতে হবে। একটি বড়ো পাত্রে সেদ্ধ ডাল এবং চটকানো পনির একসাথে নিয়ে তার মধ্যে আদা, পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা ও সব মশলা মিশিয়ে দিতে হবে। মিশ্রণ খুব নরম হলে সামান্য বেসন বা চালের গুঁড়ো দিতে হবে যাতে টিক্কি ভাঙবে না। এবার হাতে গোল বা চ্যাপটা আকারে টিক্কি করতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে মাঝারী আঁচে দু’পিঠ হালকা করে ভেজে নিতে হবে। শেষে সস অথবা চাটনী সহযোগে পরিবেশন করুন।
Sponsored Ads
Display Your Ads Here









