নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ সিঙ্গুরে টাটাদের কারখানা না হলেও এবার নতুন সরকার আসতেই সিঙ্গুর থেকে দশ কিলোমিটার আগে শিল্প সম্ভাবনা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরে লাক্স কোজির নতুন প্ল্যান্টের শিলান্যাস হচ্ছে। ডানকুনিতে পুরোনো ও নতুন ইউনিট মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ বর্গফুট এলাকা জুড়ে লাক্স কোজির দ্বিতীয় ইউনিট তৈরী হবে। ফলে এলাকায় কর্মসংস্থান বাড়বে বলেই আশা করা হচ্ছে।

গত কয়েক বছরে রাজ্যে বড় শিল্পে ভাটা ছিল। বদলের বাংলায় সরকারের নয়া উদ্যোগে ডানকুনির এই প্রকল্পকে বড় ব্রেক-থ্রু হিসেবে দেখা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ডানকুনি আগে থেকেই লজিস্টিক হাব হিসেবে পরিচিত। রয়েছে একাধিক ই-কমার্স সংস্থার বিশাল বিশাল হাব। এখন নতুন কারখানা চালু হলে হুগলি জেলার শিল্প মানচিত্রে নতুন করে গতি আসবে বলে মত ওয়াকিবহাল মহলের। লাক্স ইন্ডাস্ট্রিজ়ের তরফে ডানকুনির প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকার অনুমোদনের খবর আগেই এসেছিল। কারখানার সম্প্রসারণের ফলে নতুন করে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা যুক্ত হবে।

স্থানীয়দের আশা, কারখানা পুরোদমে চালু হলে যুবক-যুবতীদের চাকরির সুযোগ বাড়বে। পাশাপাশি ছোট ব্যবসা, পরিবহণ ও আনুষাঙ্গিক শিল্পেও জোয়ার আসবে। পুরনো কারখানাতে কাজ করেন মানসী ঘোষ। নতুন প্ল্যান্টের ঘোষণায় উচ্ছ্বসিত তাঁরাও। তিনি বলছেন, “নতুন প্ল্যান্ট হলে আরও কাজের সুযোগ বাড়বে। এলাকার লোকের অনেক উন্নতি হবে। গোটা রাজ্যের জন্যই এটা ভালো উদ্যোগ।” আবার কারোর কথায়, “বেতনের একটা নির্দিষ্ট রূপরেখা ঠিক করা হোক ন্যূনতম ২১ টাকা বেতন দেওয়া হোক।”
Sponsored Ads
Display Your Ads Here









