নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সাতসকালে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া গ্রামে মাঠের মধ্যে থেকে উদ্ধার তিনটি হাতির দেহ। এর মধ্যে দু’টি বাচ্চাও রয়েছে। রবিবার হাড়তড়া গ্রামে ধানের জমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন গ্রামবাসীরা। কী কারণে হাতিগুলির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে। হাতিগুলি যেখানে পড়েছিল, তার পাশে একটি বিদ্যুতের তার ঝুলতে দেখা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার সকালে গ্রামবাসীরাই মৃত হাতিগুলিকে প্রথমে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা। পিড়াকাটা রেঞ্জের ফরেস্ট অফিসার শুভাশিস চৌধুরী বলেন, ‘মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে চাষের কাজে পাম্প চালানোর জন্য ওই ধানের জমির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারে লেগে তড়িদাহত হয়ে এই ঘটনা বলে অনেকে অনুমান করছেন। গ্রামবাসীরাও তেমনটাই বলছেন। তবে ময়নাতদন্ত করেই হাতিগুলির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে মৃত হাতিগুলিকে দেখতে সকাল থেকেই ভিড় জমির ধারে। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ হাতিগুলির চিৎকার শোনা গিয়েছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। হাতিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবে বনদপ্তর।
Sponsored Ads
Display Your Ads Here









