অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ চাকরীর দাবীতে পশ্চিমবঙ্গ NIOS ডিএলএড সংগ্রাম মঞ্চ পথে নামল। এদিন মঞ্চের তরফে চাকরীর দাবীতে সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। এই মিছিলে তারা থালা বাজিয়ে করুণাময়ী চত্বরে বিক্ষোভ দেখান। কিন্তু করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন যাওয়ার উদ্দেশ্যে মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয়। এরপর চাকরীপ্রার্থীরা ব্যারিকেডে আটকে পড়ে শ্লোগান দিতে শুরু করেন।

চাকরীপ্রার্থীদের কথায়, ‘‘তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট নিয়োগ করতে বলেছিল। তবুও সুপ্রিম কোর্টের রায় মানা হয়নি। আমরা ন’বছর ধরে রাস্তায় আছি। সমস্যাটা কি? এখনো অবধি আমাদের কাছে স্পষ্ট নয়। তবে, সব রাজ্যে নিয়োগ হচ্ছে, শুধুমাত্র বাংলাতে বঞ্চনা চলছে।’’ এক জন চাকরী প্রার্থীর দাবী, ‘‘আমরা বৈধ নিয়োগের দাবীদার। আদালত নির্দিষ্ট করে বলেছে ১ হাজার ২৩৩ জনকে ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরী দিতে। তারপরেও দিচ্ছে না। এদিকে বেকার ভাতা চলছে। এখন এমএ, বিএ পাশ করে লাইনে দাঁড়িয়ে আছেন ভাতা নেবেন বলে। শিক্ষিত, মেহনতিদের চাকরী নেই। বেকার ভাতা দিচ্ছে, এদিকে চাকরীর বালাই নেই।

১ হাজার ২৩৩ জনকে চাকরী তো দিতেই হবে, একইসঙ্গে এনআইওএস উত্তীর্ণরা যাতে রেগুলারদের মতোই সম্মানের সাথে ইন্টারভিউ নিয়ে চাকরী পান, তা সরকারকে নিশ্চিত করতেই হবে।’’ উল্লেখ্য, এই NIOS হলো, যাঁরা দূরশিক্ষায় ডিএলএড পাশ করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু’বছরের ডিএলএড বাধ্যতামূলক। অনেকেই ওপেন স্কুল থেকে আঠেরো মাসের এই ডিএলএড কোর্স করেন। মূলত এই কোর্স নিয়েই মামলা হয়।
Sponsored Ads
Display Your Ads Here









