নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ জ্বালানী সঙ্কট নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এরই মধ্যে আবার লকডাউনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই আশঙ্কা অমূলক নয়। ইতিমধ্যেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ একাধিক দেশ জ্বালানী সংরক্ষণ করতে ফুয়েল এমার্জেন্সির পথে হেঁটেছে। তবে ভারতও কি সেই পথে হাঁটতে চলেছে? দেশ জুড়ে কি এনার্জি লকডাউন হতে চলেছে? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লকডাউনের আশঙ্কা প্রকাশ করেছেন। অবশেষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী সেই উত্তর দিলেন।

লকডাউন হবে কি না, সেই জল্পনা উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, “কোভিড-১৯-র সময় দেশ জুড়ে লকডাউনের মতো আবার লকডাউন হওয়ার জল্পনা সম্পূর্ণ মিথ্যা। মধ্য প্রাচ্যের সঙ্কটের আবহে কেন্দ্রীয় সরকার এমন কোনো পদক্ষেপের পরিকল্পনা বা চিন্তাভাবনা করছে না।” এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতে লকডাউন হওয়ার জল্পনা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে বলছি, কেন্দ্রীয় সরকার এমন কোনো প্রস্তাব পরিকল্পনা করছে না। এই সময় আমাদের শান্ত থাকা, দায়িত্বশীল থাকা এবং একজোট থাকা গুরুত্বপূর্ণ।”

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানী নিয়ে সঙ্কট তৈরী হয়েছে। এবার পেট্রোল-ডিজেলের সঙ্কটও দেখা দিতে পারে, এই আশঙ্কাতেই অনেকে পেট্রোল পাম্পে ভিড় করছেন। আতঙ্কে আগে থেকেই পেট্রোল-ডিজেল ভরে রাখছেন। এই প্রসঙ্গে হরদীপ সিং পুরী আশ্বস্ত করে বলেন যে, “ভারতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানী মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জ্বালানী ও শক্তির জোগান অক্ষুণ্ণ রাখতে সবরকমের প্রচেষ্টা করছে। ভারত যেকোনো জরুরী পরিস্থিতির জন্য তৈরী।”
Sponsored Ads
Display Your Ads Here










