নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর তিনটি সভা রয়েছে। এর মধ্যেই হলদিবাড়ি কৃষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে চাষীরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ একটাই, “আলুর সঠিক দাম পাওয়া যাচ্ছে না।” ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়ে আলু চাষীর আত্মহত্যার খবরও উঠে এসেছে।

এবার এরই মধ্যে লঙ্কাচাষীরাও পথে নামলেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে, লঙ্কা চাষীরা হলদিবাড়িতেই পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীন ফড়িয়াদের সিন্ডিকেট দাপটের জেরে উপযুক্ত দাম না পেয়ে লঙ্কা চাষীদের বিক্ষোভ চলে। পুলিশকে এই বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়। কৃষকদের অভিযোগ, “মঙ্গলবার সিন্ডিকেটের তরফে মাইকিং করে বলা হয়, ‘আজ বেলা ১২টা থেকে লঙ্কা কেনা হবে।’ কিন্তু এদিন ফড়িয়ারা সকালবেলা ১ হাজার ৮০০ টাকা মন দরে লঙ্কা কিনে নেয়। এরপর ১২টা নাগাদ যখন কৃষকরা ফসল নিয়ে যান, তখন লঙ্কার দাম কমিয়ে দিয়ে হাজার টাকা মন প্রতি দর দেওয়া হয়।”

আর এতেই কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। হলদিবাড়ি থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
Sponsored Ads
Display Your Ads Here










