রায়া দাসঃ কলকাতাঃ চলতি অর্থবর্ষে বাড়তে চলেছে সিভিকদের অ্যাড-হক বোনাস। ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদেরও ছ’শো টাকা বোনাস বাড়ানো হচ্ছে। তবে, আগে থেকেই নবান্ন বোনাস বৃদ্ধির ঘোষণা করেছিল। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে তা কার্যকর করা হচ্ছে। নবান্ন বিজ্ঞপ্তি জারি করতেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। ২০২৬ সালের ২৭ শে ফেব্রুয়ারীর মেমো অনুসারে সংশোধিত হার কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারী নির্দেশে জানানো হয়েছে, “রাজ্যপাল এই বোনাস প্রদানের অনুমোদন দিয়েছেন। নির্দিষ্ট খাতে এর ব্যয় বহন করা হবে।”

প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার দিন নির্বাচনের কমিশনের বৈঠকের কিছু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন। পুরোহিত এবং মোয়াজ্জিনদের ভাতা দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দু’হাজার টাকা করা হয়। পাশাপাশি বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন৷ সাধারণত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হলে সরকার এই ধরণের ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে না। তাই আগেভাগেই ভাতা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here









