অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ২০০৩ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন হুমায়ুন কবীর। যিনি হাতকাটা দিলীপের মতো দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করেছিলেন। সেই প্রাক্তন দুঁদে আইপিএস কর্তা তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর এবারও নির্বাচনে লড়ছেন। তবে ডেবরা নয়, মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল প্রার্থী হয়েছেন। কিন্তু টিকিট পেয়েই প্রাণহানির আশঙ্কা করছেন। হুমায়ুন কবীরের কথায়, “জেলার মার্ডার সিন্ডিকেটের মাথা এখনো আছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করছে।”

হুমায়ুন কবীর মুর্শিদাবাদে পৌঁছে নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। আর জানান, “পুলিশ সুপার থাকাকালীন অনেক মার্ডার সিন্ডিকেট ভেঙেছি। অপরাধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছি। এখনো মার্ডার সিন্ডিকেটের মাথা রয়ে গিয়েছে। তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। সেই কারণে জীবনহানির আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।”

তিনি মুর্শিদাবাদে পাঁচ বছর কাটিয়েছেন। দু’বছর কান্দির এসডিপিও ও প্রায় তিন বছর জেলা পুলিশ সুপার ছিলেন। তাই ডোমকলে কোথায় কোন সিন্ডিকেট সক্রিয়, সেই সিন্ডিকেটের মাথায় কে? আর কতদূর অবধি তাদের জাল ছড়িয়েছে? সবই নখদর্পণে। হুমায়ুন কবীর বলেন, “আমার চেনা পরিচিত জায়গায় পাঠিয়েছে নেতৃত্ব। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কর্মীদেরকে বলব ঘাম ঝরাও।”
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, ডোমকল এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর এলাকা। নির্বাচনে এখান থেকে হিংসার একাধিক অভিযোগ ওঠে। গত বিধানসভা নির্বাচনেও ডোমকলে সাত দিনে সব থেকে বেশী রাজনৈতিক হিংসায় মৃত্যুর ঘটনা ঘটে। তবে যে সময়ে হুমায়ুন কবীর পুলিশ সুপার পদে ছিলেন, তখন ডোমকল থেকে একটিই খুনের অভিযোগ ওঠে। কিন্তু এবার নিজেই প্রাণহানির আশঙ্কা করছেন।










