নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে চড়কার দুই বাসিন্দা ভিন রাজ্য আসামে ফেরি করতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন। কিন্তু আচমকা দুই ব্যক্তির দেহ সমাজমাধ্যমে দেখতেই মৃতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিখোঁজ দুই ফেরিওয়ালারা হলেন আরফিক খান ও জাহাঙ্গির মির্জা।

পরিবার সূত্রে খবর, গত ফেব্রুয়ারী মাসের শেষের দিকে আরফিক খান এবং জাহাঙ্গির আসামের শিলচরে গদি বা তোষক ফেরি করতে গিয়েছিলেন। ১৭ ই মার্চের পর থেকে পরিবারের সদস্যরা তাদের সাথে আর যোগাযোগ করতে পারছেন না। তবে সেখান থেকে চম্পাই হয়ে মিজোরামে চলে গিয়েছিলেন কিনা তাও খোঁজ করা হচ্ছে। এদিকে, ইতিমধ্যেই দু’জনের মৃতদেহের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবি দেখে পরিবারের সদস্য সহ এলাকাবাসীদের দাবী, “এই দু’জনকে মেরে ফেলা হয়েছে।” কিন্তু তার ভিত্তিতে এখনো কোনো প্রমাণ পরিবারের হাতে এসে পৌঁছায়নি। আপাতত পুলিশের তরফে গোটা বিষয় খোঁজখবর চালানো হচ্ছে। সঠিক খবর এলেই পরিবারকে জানানো হবে।











