পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ‘পুষ্পা ঝুকেগা নেহি…’ বলা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান তবে কি ঝুঁকেই গেলেন? কারণ, ২১ মে ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় পুর্ননির্বাচন। আর তার আগে অর্থাৎ প্রচারের শেষ দিনে জাহাঙ্গির খান সাংবাদিক বৈঠকের মাধ্যমে স্পষ্ট জানান, ‘‘আসন্ন নির্বাচনে তিনি লড়াই করবেন না। ফলতার সাধারণ মানুষের শান্তির রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলতার উন্নয়নের স্বার্থে লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন।’’

এদিন জাহাঙ্গীর খান বলেন, “ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ শে মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।” কিন্তু এই সিদ্ধান্ত কার? সাংবাদিকের সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। তবে, আতর লাগানো, ইভিএমে টেপ লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা এই কাজ করেছে তারও উত্তর দেননি। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন? কিংবা তৃণমূলের এটাই কি পরিকল্পনা ছিল তা এখনো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না।











