নিউজ ডেস্কঃ কেরলঃ কেরালার ত্রিশূর জেলার কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। মৃতরা সকলেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। তাঁর সকলেই প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ত্রিশূরে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

সূত্রের খবর, গাড়িটি গুরুভায়ুর দিক থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। আর লরিটি জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল। মধ্যরাতে ওই লরিতে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রীদের গাড়ি কেটে বের করতে হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা যাত্রীরা তামিলনাড়ুর দিন্দিগুলের পিএসএনএ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র পড়ুয়া। এই নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কেরালা পুলিশ। ওই পড়ুয়ারা কোথায় যাচ্ছিলেন তাও জানার চেষ্টা করছেন আধিকারিকরা।










