ব্যুরো নিউজঃ দুবাইঃ আজ সন্ধ্যাবেলা নামতেই ফের পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে রকেট-মিসাইল যুদ্ধবিমানের দাপাদাপি শুরু হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির অর্থনৈতিক হাব দুবাই এবং রাজধানী আবু ধাবিতে পরপর ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। খামেনেইয়ের হত্যার বদলা নিতে ইরানই যে এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট।

সূত্রের খবর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনাল ভবনের একটি অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি এসেছে সামনে। এই ঘটনায় ৪ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, আবু ধাবি বিমানবন্দরে ইরানের ড্রোণ হামলায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। শহরাঞ্চল সহ হরমুজ প্রণালিতেও হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, তাদের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে একটি তেলের ট্যাঙ্কারের। বর্তমানে সেটি সমুদ্রের নীচে তলিয়ে যাচ্ছে। ইরানের সরকারি টিভি চ্যানেল ঘটনার ফুটেজ প্রকাশ করেছে। সেই ফুটেজে ট্যাঙ্কারটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-চতুর্থাংশ জ্বালানি তেল এবং এক-পঞ্চমাংশ তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এই হামলার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দিকে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ছে পশ্চিম এশিয়ার বাইরেও। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি দাবি করেছেন, সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। শেষ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলায় বড় ক্ষতি না হলেও, পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকান ও ইজ়রায়েলি ঘাঁটিগুলির নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কুয়েতেও ড্রোণ হামলায় বিমানবন্দরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর এসেছে। দোহা এবং মানামাতেও বিস্ফোরণের সাইরেন বেজেছে। সব মিলিয়ে গোটা পশ্চিম এশিয়া জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।










