অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গোটা বিজয়গড়ে ভেসে উঠছে কান্নার রোল। চোখের জল বাঁধ ভেঙেছে। এভাবে যে তাঁদের প্রিয় বাবিনকে দেখতে হবে, তা যেন কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। গতরাত থেকেই পাড়া থমথমে ছিল। আজ যেন সেই নিশব্দতা কাটিয়ে কান্নার আওয়াজ ভেসে উঠেছে। অবশেষে রাহুলের নিথর দেহ বাড়িতে ফিরল। ফুল দিয়ে সাজানো শববাহী যানে করে নিজের পাড়ায় এলেন চিরদিনের নায়ক। এদিন সকালবেলা থেকেই রাহুলের বাড়িতে অনুরাগীদের ভিড় উপচে পড়ে।

ইতিমধ্যে রাহুলের বন্ধু-বান্ধব সহ সহকর্মীরা এসে পৌঁছেছেন। এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী রূপম ইসলাম সহ রূপমের স্ত্রী রূপসাও। এছাড়াও ইশা সাহা, রুকমা রায়, চৈতী ঘোষাল, সস্ত্রীক শ্রীজাত, রূপাঞ্জনা মৈত্র, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়ের মতো টলিউডের সেলিব্রিটিরা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি সহ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর বাড়িতে এসে পৌঁছালেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে রাহুলের সাথে কাজ করেছিলেন। রাহুলকে যে এভাবে চিরবিদায় জানাতে হবে, তা যেন অভিনেতার সহকর্মীরা এখনো কেউ মেনে নিতে পারছেন না।











